হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাভার্ডভ্যানচালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং রিপন মিয়া (২৩)।
তাদের মধ্যে জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় এলাকার বাসিন্দা। আর রিপনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পাথরবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে থেমে ছিল। এ সময় ঢাকা অভিমুখে যাওয়া ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে কাভার্ডভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তিনজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই তিনজনের মৃত্যু হয়েছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম নেওয়া হচ্ছে।
এফ/ডি