নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে লাইব্রেরির বইপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) নামের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কথা জানা গেলেও ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
এতে ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। ঘন ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালিতে সমস্যা দেখা দেয়।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, লাইব্রেরিতে আগুন লাগার পর পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অসুস্থ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়।
আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এফ/ডি