[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ১:৩৩ পিএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা ছাত্রলীগের ব্যানারে বিপুলসংখ্যক নেতা-কর্মী টুঙ্গিপাড়া মোড়ে সমবেত হন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। একপর্যায়ে লগি-বৈঠা হাতে মিছিল বের করেন তারা।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এর মধ্যেই বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।

 

এদিকে পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।

 

এর আগে ছাত্রধর্মঘটকে ঘিরে সোমবার রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই রাতে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া যায়।

 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর