লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা এলাকার মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের ৬৫ বছর বয়সী বাবুল এবং রামগতি উপজেলার আশিক। দুর্ঘটনায় মানছুরার স্বামী ছিদ্দিকুর রহমানও আহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি বাস বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। চরচামিতা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত ১৫ যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। আহত ও নিহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
আহত যাত্রী আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। যাত্রীরা চালককে সতর্ক করে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা করেননি। পরে চরচামিতা এলাকায় বাসটি উল্টে দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত হয়ে চিকিৎসা নিতে আসেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এফ/ডি