রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় আঞ্চলিক দুটি সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তু) মধ্যে এ গোলাগুলি হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন।
ওসি বলেন, ঘটনাস্থলটি সাজেক থানার আওতাধীন এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত। দুই পক্ষের মধ্যে কিছু সময় পরপর গুলিবিনিময়ের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তাঁদের কাছে আসেনি।
এদিকে, গোলাগুলির বিষয়ে পিসিজেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তিনি পাননি। তাঁর দাবি, জেএসএসের এ ঘটনায় জড়িত থাকার প্রশ্ন নেই। তবে সাজেকের কয়েকটি এলাকায় ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা এবং সড়ক অবরোধের বিষয়ে খবর পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ রয়েছে এবং চুক্তির পক্ষের লোকজনের ওপর হামলার আশঙ্কাও করছেন কেউ কেউ।
অন্যদিকে, ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি দুর্গম এলাকায় হওয়ায় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এফ/ডি