ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আশপাশের একাধিক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকরা মহাসড়কে মাটি ভর্তি বস্তা ও কাঠ-বাঁশে আগুন জ্বালিয়ে পথ আটকে দেন। শ্রমিকদের আন্দোলনের মুখে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ জানালে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে ভিন্ন দিক থেকে পুনরায় হামলা চালায় এবং পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এপিসি কারসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষ ও অবরোধের কারণে কোনাবাড়ি ও শফিপুর থেকে শুরু করে উভয় দিকে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে। বর্তমানে আনসার একাডেমি, শফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আইনশৃঙ্খলা ও যানমালের নিরাপত্তায় পুলিশ সাউন্ড গ্রেনেড প্রয়োগ করেছে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এইচ/এম