সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং বনে মাছ ও কাঁকড়া আহরণে নিয়োজিত জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের অসংখ্য মানুষের জীবিকার প্রধান উৎস। মাছ, কাঁকড়া ও বনজ সম্পদ সংগ্রহ করে বহু পরিবার তাঁদের সংসার চালান। কিন্তু বনদস্যুদের তৎপরতা, অপহরণ এবং মুক্তিপণ দাবির কারণে বনে যাওয়া মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবিকার প্রয়োজনে সুন্দরবনে প্রবেশ করেও তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং দস্যুতা নির্মূলে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
আয়োজক কমিটির পক্ষে কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন সালাউদ্দীন লিটন। এ সময় আরও বক্তব্য দেন মাস্টার আব্দুর রহিম, মাওলানা ইছাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য ফরিদা পারভীন, আশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসআর