দিনে চড়া রোদ আর বিকেল গড়াতেই হিমেল হাওয়ায় পঞ্চগড়ে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে
শীতের আমেজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে থাকলেও সকালের দিকে এটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। তবে রোদ উঠলেই সেই আমেজ মিলিয়ে আবারও গরমের তেজ অনুভূত হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলা গরম ও রাতের ঠান্ডা মিলিয়ে এক ভিন্নধর্মী আবহাওয়ার মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে আকাশ মেঘমুক্ত থাকায় সরাসরি হিমালয় থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে, যার ফলে তাপমাত্রা কমছে। তবে আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে মেঘহীন এই অবস্থার পরিবর্তন ঘটলে পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এসআর