[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৮:৩৪ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বইটি বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বরিশালের কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় প্রথমবারের মতো খেলাধুলাকে বাধ্যতামূলক পাঠ্যবইয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বইয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা সম্পর্কে শিক্ষার্থীরা জানার সুযোগ পাবে।


তিনি বলেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা, ডিজিটাল ডিভাইসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।


আমিনুল হক আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার পরিকল্পনা রয়েছে।


প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা
দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এ ছাড়া উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ ও উন্নয়নের কাজ চলছে। বর্তমানে ২০১টি উপজেলা স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলায় পর্যায়ক্রমে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


ফাইনালে শেরে বাংলা একাদশের জয়
এর আগে বিকেল ৩টায় কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুরু হয়। শিরোপা নির্ধারণী ম্যাচে শেরে বাংলা একাদশের মুখোমুখি হয় তারুণ্যের উচ্ছ্বাস একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় শেরে বাংলা একাদশ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।


বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলসিক আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মশিউর রহমান মঞ্জুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন এবং কাজের মান পর্যবেক্ষণ করেন।


এর আগে একই দিন দুপুরে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় নির্মিত একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন তিনি। পরে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর এলাকায় আরেকটি বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রমও পরিদর্শন করেন।

এসআর

সম্পর্কিত খবর