[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

নাসিরনগরে র‍্যালি ও আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

দুপুর ১২টার দিকে নাসিরনগর কলেজ মোড়ের চেয়ারম্যান মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই এলাকার রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে উপজেলার ১৩টি ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মুসলে উদ্দিন সোহাগ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।

 

বক্তব্যে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নাসিরনগরের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সহসভাপতি এ কে এম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার।

 

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতারা।

 

আলোচনায় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছরে দেশে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে পারস্পরিক মতপার্থক্য ভুলে একযোগে কাজ করার আহ্বানও জানান নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসআর

সম্পর্কিত খবর