[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড লুট

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬ ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গ্রিল ও দরজার হ্যাজবল কেটে চুরির ঘটনা ঘটেছে।

এ সময় একটি আলমারি ভেঙে নগদ ৪৬ হাজার ১৩০ টাকা এবং আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কার্যালয়ের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র খোয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এসে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় পূর্বধলা থানায় মামলা করা হয়েছে।

 

যেভাবে ঘটল চুরি

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ভবনের পেছনের জানালা ও সামনের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে একটি দরজার হ্যাজবল কেটে আলমারি ভেঙে নগদ টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে চুরিটি পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

কার্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিনি ভবনের দ্বিতীয় তলায় ঘুমাতে যান। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে নিচে নেমে কার্যালয়ে চুরির বিষয়টি তাঁর নজরে আসে।

 

অচল সিসিটিভি ক্যামেরা, তদন্তে চ্যালেঞ্জ

কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো আগে থেকেই অচল ছিল। ফলে ঘটনার সময় দুর্বৃত্তদের গতিবিধি শনাক্ত করার মতো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। এতে তদন্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

 

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা এবং পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।

 

এদিকে চুরির রহস্য উদ্ঘাটনে ময়মনসিংহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে আসে। সদস্যরা কেটে ফেলা গ্রিল, দরজা ও ভাঙা আলমারিসহ বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টসহ সম্ভাব্য গুরুত্বপূর্ণ আলামত পরীক্ষা করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

 

গুরুত্বপূর্ণ নথি অক্ষত থাকার দাবি

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও একটি ক্রেডিট কার্ড চুরি হয়েছে। তবে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কোনো সরকারি নথি বা কাগজপত্র খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এসআর

সম্পর্কিত খবর