[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

যশোরে কিশোর স্বাধীন হত্যার বিচার দাবি, আসামিদের গ্রেপ্তারে মায়ের সংবাদ সম্মেলন

যশোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

যশোরে ডাব চুরির অভিযোগ তুলে কিশোর স্বাধীনকে (১৬) মারধর করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার মা সুমাইয়া আক্তার।

একই সঙ্গে মামলার এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা অভিযুক্তদের শনাক্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

 

সোমবার (২৬ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সুমাইয়া আক্তার। ছেলের ওপর নির্যাতন ও মৃত্যুর ঘটনা তুলে ধরতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

 

লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার জানান, গত ১৮ অক্টোবর তাঁর ছেলে স্বাধীন ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। পথে ডাব চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

 

ছেলেকে মারধরের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে সেখানে উপস্থিত কয়েকজন নারী ও পুরুষ স্বাধীনকে পরিবারের কাছে হস্তান্তরে বাধা দেন বলে দাবি করেন তাঁর মা। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সুমাইয়া আক্তারের অভিযোগ, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকলেও এখনো সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত, তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

 

ছেলের মৃত্যুর পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন সুমাইয়া আক্তার। তাঁর আশঙ্কা, অভিযুক্ত পক্ষের হুমকি কিংবা প্রভাব বিস্তারের কারণে তাঁরা সমস্যায় পড়তে পারেন। এ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

সন্তান হারানোর শোকের মধ্যে ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে দিন কাটছে বলে জানান স্বাধীনর মা। মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে স্বাধীনের ফুফু, খালা, মামী শ্রাবণী, মৌ, সুমি, পান্না ও জেসমিন উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলন থেকে পরিবারের পক্ষ থেকে চারটি প্রধান দাবি জানানো হয়—মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, অজ্ঞাতনামা জড়িত ব্যক্তিদের শনাক্ত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

এসআর

সম্পর্কিত খবর