রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোহেল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি চিৎকার করলে পাশের মসজিদের মাইকে চুরির বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অটোরিকশাসহ ওই দুজনকে ধাওয়া করেন।
একপর্যায়ে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাঁদের আটক করেন। সেখানে উত্তেজিত জনতার মারধরে দুজনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এসআর