[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

টানা ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ১১:৫৮ এএম

সংগৃহীত ছবি

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক টানা ছুটি শেষে

 দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

​রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে পুরোদমে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়। এর ফলে বন্দরে পণ্য লোড-আনলোড, খালাস ও শুল্কায়নে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং সীমান্তে জমে থাকা ট্রাকজট কমতে শুরু করেছে।

​বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন এই বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে ১৮ ও ১৯ অক্টোবর রাজস্ব বোর্ডের নির্দেশনায় পণ্য খালাস ও ভারতীয় খালি ট্রাক ফেরত যাওয়ার কাজ সীমিত আকারে চালু রাখা হয়। পরবর্তীতে ২৪ অক্টোবর বাণিজ্য শুরুর চেষ্টা করা হলেও সার্ভার জটিলতার কারণে কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। ওই দিন বাংলাদেশ থেকে ৩৬ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয় এবং ভারত থেকে ৬২ ট্রাক পণ্য আমদানি করা হয়।

​বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বনি বলেন, দীর্ঘ ছুটির কারণে দুই সীমান্তে ব্যাপক ট্রাকজট তৈরি হয়েছিল। বর্তমানে দুই হাজার হ্যান্ডলিং শ্রমিকের অংশগ্রহণে কাজ চলায় সেই পণ্যজট দ্রুত কেটে যাচ্ছে।

​বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, রোববার থেকে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত তাদের আমদানিকৃত পণ্য খালাস নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, বাণিজ্য স্বাভাবিক হওয়ায় সীমান্ত এলাকার বাণিজ্যিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।

এসআর

সম্পর্কিত খবর