ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এ সময় দেওয়া বক্তব্যে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের নাম উল্লেখ করেন। পাশাপাশি উপস্থিত লোকজনকে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে এমপি নির্বাচিত করেছেন ভোটাররা।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি থেকে সাইদুর রহমান প্রার্থী হবেন এবং তাঁকে নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
দুই মিনিটের বেশি সময়ের ওই বক্তব্যের ভিডিওতে সংসদ সদস্যের পাশে বসা ইউএনও গোলাম রব্বানী সরদারকে কয়েক দফা হাততালি দিতে দেখা যায়।
সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এমন আচরণ নিয়ে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে জানতে ফোন করা হলে ইউএনও সাংবাদিককে বলেন, ‘তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনি প্রচারণায়।’ এরপর তিনি ইংরেজিতে বলেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ। ঠিক আছে?’
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইউএনও আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা।
বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’
পরে সাংবাদিককে তাঁর বক্তব্যের ওই অংশটুকু আলাদাভাবে প্রচার করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?’
এ সময় নিজের প্রশাসনিক দায়িত্বের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন ইউএনও।
তিনি বলেন, এসব বিষয়ের বাইরে যাওয়ার ক্ষমতা তাঁর, তাঁর সচিব, জেলা প্রশাসক কিংবা কমিশনারেরও নেই।
পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সব কাজ সংসদ সদস্যকে জিজ্ঞেস করে করতে হয় বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে তাঁর কাছে চিঠি রয়েছে বলেও সাংবাদিককে জানান।
ইউএনওর এমন আচরণের সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম।
তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে কোনো সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন, তা বোধগম্য নয়।
তাঁর ভাষ্য, সংসদ সদস্য যখন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একজনের নাম ঘোষণা করছিলেন, তখন ইউএনওর হাততালি দিয়ে সমর্থন জানানো অনাকাঙ্ক্ষিত।
এসআর