দাবি পূরণ না হওয়ায় রাঙামাটির সাজেক পর্যটন সড়কে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
বুধবার (২১ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
বিবৃতিতে বলা হয়, এর আগে বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।
সংগঠন দুটির দাবি, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরুর পর স্থানীয় প্রশাসন সেখানকার একটি সশস্ত্র গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়াসহ তাদের তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল।
ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তারা।
এ কারণে ১৫ অক্টোবর আবারও অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, জানমালের সুরক্ষা এবং সশস্ত্র গোষ্ঠীর কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছে আয়োজকরা।
এদিকে, সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।
তবে অবরোধের আওতার বাইরে থাকবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন।
এসআর