[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সাজেকে পর্যটকদের প্রবেশে আর বাধা নেই, নিষেধাজ্ঞা তুলে নিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়।

 

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর জারি করা জরুরি নির্দেশনা সংশোধন করে সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।

 

জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, এখন থেকে সাজেক ভ্রমণে পর্যটকদের জন্য আর কোনো নিষেধাজ্ঞা নেই।

 

এর আগে, সাজেক সড়কে দুটি সংগঠনের অবরোধ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে গত ১১ অক্টোবর সন্ধ্যায় পর্যটকদের যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ওই সময় অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

 

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠন দুটি। বৃহস্পতিবার বিকেলে গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা যৌথ বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান।

 

বিবৃতিতে বলা হয়, ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে।

 

অবরোধ স্থগিতের ঘোষণার পরপরই জেলা প্রশাসন পর্যটকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এতে দুর্গাপূজার ছুটিতে সাজেক ভ্রমণের পথ আবারও উন্মুক্ত হলো।

 

প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে পর্যটকেরা পুনরায় সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এসআর

সম্পর্কিত খবর