[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় দেশলাই কাঠিতে তৈরি দুর্গাপ্রতিমা থেকে কাঠি অপসারণের নির্দেশ ডিসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৮:০০ এএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে দেড় লাখের বেশি দেশলাই

 কাঠি ও রেশমি সুতা দিয়ে তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা থেকে দেশলাই কাঠি অপসারণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কাওসার আজিজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার মধ্যে এই কাঠিগুলো সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মণ্ডপ পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক এই নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি এসেছে এবং সরকারি নির্দেশনা পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। তবে প্রতিমাশিল্পীদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশলাই কাঠি সরিয়ে নতুনভাবে প্রতিমা সাজানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে। এটি নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি না করে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করাটাই মুখ্য।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ‘সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠিতে দুর্গাপ্রতিমা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। ভারতের একটি মন্দিরে অনুপ্রাণিত হয়ে প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার সাতক্ষীরায় এই অভিনব উদ্যোগ নেন। প্রতিমাটির পোশাক ও অলংকারে দেড় লাখের বেশি দেশলাই কাঠি এবং ১০ কেজির বেশি রেশমি সুতা ব্যবহার করা হয়েছিল, যা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাতেন।

পূজার সময় ঘনিয়ে আসায় হঠাৎ এমন নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন আয়োজকরা। তাদের দাবি, দেশলাই কাঠির বারুদ আগেই অপসারণ করা হয়েছিল এবং ফায়ার সার্ভিসের পরিদর্শনের পাশাপাশি মণ্ডপে অগ্নিঝুঁকি মোকাবিলায় বালু-পানি রেখে লিখিত অঙ্গীকারও দেওয়া হয়েছিল।

​তবে শেষ পর্যন্ত প্রশাসনের নির্দেশ মেনে বুধবার রাতেই মন্দির কমিটির উদ্যোগে প্রতিমা থেকে দেশলাই কাঠি অপসারণের কাজ শুরু হয়। পাশাপাশি প্রতিমাটিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার কাজও চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর