[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৯:৪৩ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উইক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে নাগরিক প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

 

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান এবং ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ সমাজের গুরুতর সমস্যাগুলোর মধ্যে অন্যতম। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব সবার। কোথাও বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

 

তিনি আরও বলেন, যৌতুক, নারী নির্যাতন, যৌন হয়রানিসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সমাজের সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন প্রধান অতিথি।

 

আয়োজক সূত্রে জানা যায়, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে মঙ্গলবার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়েও একই ধরনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এসআর

সম্পর্কিত খবর