রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে ছবি প্রকাশের অভিযোগে নোয়াখালী জেলা ছাত্রদলের এক নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন মারুফ। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে জেলা ছাত্রদল।
বহিষ্কারের পর নিজের ফেসবুক পোস্টে জেলা ছাত্রদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মারুফ। তিনি সংগঠনটিকে ‘ভারতীয় দালাল দল’ বলে মন্তব্য করেন। তার দাবি, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড কিংবা নেশাসংক্রান্ত অভিযোগে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট দেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল জানান, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি আরও বলেন, নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসআর