[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

বোদায় পাচারের চেষ্টা, ১২০ বস্তা ডিএপি সার জব্দ; ডিলারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৮:৫৫ পিএম

সংগৃহীত ছবি

এ ঘটনায় নুরনবী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি প্রতিষ্ঠানটির সার বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাতে বোদা উপজেলার সাতখামার এলাকায় বিসিআইসি অনুমোদিত নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি মাহিন্দ্রা গাড়িতে তোলা হয়। পরে সেগুলো পাশের আটোয়ারী উপজেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

 

বিষয়টি জানতে পেরে বোদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় কয়েকজন গাড়িটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি কার্যালয়ে নেওয়া হয়।

 

ঘটনাটি তদন্তের পর মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ডিলার প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি নিষিদ্ধ করা হয় এবং ডিলারশিপ বাতিলের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়। জব্দ করা সার পরে স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর