[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

বীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ফায়ার সার্ভিসের উদ্ধার মহড়া

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দুর্যোগের ঝুঁকি কমানো এবং জরুরি পরিস্থিতিতে মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন

 

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল বিভিন্ন দুর্যোগ মোকাবিলার কৌশল প্রদর্শন করে। মহড়ায় ভূমিকম্পে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, বাসাবাড়িতে আগুন নেভানো, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো, জ্বালানি তেলের পাম্পে আগুন নিয়ন্ত্রণ এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতি তুলে ধরা হয়।

 

মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া, নিরাপদে উদ্ধার অভিযান পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল হাতে-কলমে দেখানো হয়। আয়োজকদের মতে, এ ধরনের অনুশীলন জরুরি পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করে।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও জনসচেতনতার বিকল্প নেই। সবাই সমন্বিতভাবে কাজ করলে এবং সচেতনতা বাড়ানো গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডল, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নয়ন চৌধুরী এবং বীরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক নাজমুল ইসলাম মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

দিবসটির আয়োজনের মধ্য দিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিনিরাপত্তা জোরদার এবং বিপদের সময় জীবন রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

এসআর

সম্পর্কিত খবর