[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

যশোরে পরিচ্ছন্নতা নিয়ে বিরোধ, হামলায় আহত অভিনেতা সমু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৮:০১ পিএম

সংগৃহীত ছবি

যশোর শহরে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় তাঁর বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কাছে এ ঘটনা ঘটে।

 

সমু চৌধুরী ওই এলাকার বাসিন্দা আবুল কাশেম চৌধুরীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে পাশের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামে দুই ব্যক্তি তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত হয়।

 

অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি শহরের আরএন রোড এলাকায় এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

ঘটনার পর পরিবারের সদস্যরা আহত সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর