[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

জমি নিয়ে বিরোধে বাবার দাফন বিলম্ব, ২৭ ঘণ্টা পর সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৯:২৯ পিএম

সংগৃহীত ছবি

বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে।

এ নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। শেষ পর্যন্ত দেড় লাখ টাকায় সমঝোতা হওয়ার পর মৃত্যুর প্রায় ২৭ ঘণ্টা পর ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়।

 

সোমবার (১২ অক্টোবর) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম নাজির উদ্দিনবেপারি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে নাজির উদ্দিনের মৃত্যু হয়। পরদিন সোমবার সকাল ১০টায় তাঁর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেওয়ায় দাফন কার্যক্রম আটকে যায়।

 

পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রায় এক বছর আগে নাজির উদ্দিন তাঁর ছেলে ইদ্রিস আলীর নামে প্রায় চার বিঘা জমি লিখে দেন। এতে মেয়ে হালিমা বেগমের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাঁর অভিযোগ ছিল, বাবার সম্পত্তিতে তিনি ন্যায্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন। বাবার মৃত্যুর পর জানাজা ও দাফনের আয়োজন করা হলে বিষয়টি নিয়ে বিরোধ আরও প্রকট হয়।

 

পরে পরিবারের সদস্য, স্বজন ও গ্রামবাসী উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। একপর্যায়ে হালিমা বেগমকে দেড় লাখ টাকা দেওয়ার মাধ্যমে সমঝোতা হয়। এরপর সোমবার বিকেল ৫টার দিকে নাজির উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়।

 

হালিমা বেগম জানান, নিজের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেই তিনি আপত্তি জানিয়েছিলেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।

 

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ মো. জিল্লুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধ মেটাতে স্থানীয়রা উদ্যোগ নেন। সমঝোতা হওয়ার পর দাফন সম্পন্ন হয়েছে।

 

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইস্তেকার হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয়দের উদ্যোগে পারিবারিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়।

এসআর

সম্পর্কিত খবর