চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বান্দরবানের বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে লোকমানের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে গত ২ অক্টোবর তাকে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে আসেন লোকমান। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার প্রতিশ্রুতি দেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, এরপর লোকমান কিশোরীকে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে নিয়ে যান। সেখানে হোটেলটির দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে কিশোরীকে মুরাদপুর এলাকায় নামিয়ে দিয়ে নিজের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়িতে ফিরে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। এরপর পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামে এক যুবককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
এসআর