নিরাপত্তা ও অনিবার্য পরিস্থিতির কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙামালির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ কার্যক্রম বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’—এমন অভিযোগ তুলে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের ঘোষণা দেয়। পরে দুপুরে সাজেকে যাতায়াতের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধের কারণে পর্যটকেরা চলাচলে বাধার মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে পৌঁছে দেওয়া হয়।
এদিকে, পর্যটনের ব্যস্ত মৌসুমে সাজেক বন্ধের সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে দুর্গাপূজার টানা ছুটিকে ঘিরে পর্যটকদের আগাম বুকিং এবং পর্যটনকেন্দ্রের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এমন সময়ে প্রশাসনের এই ঘোষণায় তাদের ব্যবসায়িক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এসআর