বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭), নজরুল খানের ছেলে আমিন (২৩) এবং কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সাইনবোর্ডের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ডাববোঝাই নসিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনের সঙ্গে আরও দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনটি মোটরসাইকেল ও নসিমনটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় রিমন ও আমিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত খান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের রিয়াজুল ইসলামকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস এবং মেয়ে উমা দাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এসআর