জামায়াতে ইসলামীর সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, যারা
বিরোধীদলে থেকে সংসদে সরকারের পথে হাঁটার ও সমর্থনের কথা বলে, তারা বাইরে এসেই নিজেদের ভিন্ন রূপ দেখায়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর যে ভূমিকা ও চরিত্র ছিল, তারা সংসদের বাইরে এসে সেটাই ফুটিয়ে তোলে। কারণ তাদের মুখে এক কথা আর অন্তরে অন্য কিছু। বাকস্বাধীনতায় বিশ্বাসের সুযোগ নিয়ে একটি রাজনৈতিক মহল অপপ্রচার ও মিথ্যাচার করছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে গুপ্ত সহযোগিতা করছে, তারাই আবার সরকারকে দায়ী করছে—যা পুরোপুরি মিথ্যা।
আমিনুল হক আরও যোগ করেন, বিভিন্ন স্থানের বিশৃঙ্খল পরিবেশে আওয়ামী দোসরদের সঙ্গে এক হয়ে তারা দেশের ভেতরে অস্থিতিশীলতা ও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর