সাতক্ষীরার শ্যামনগরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত দুটি বিষয় ছিল—‘তুমি কেমন পৃথিবী দেখতে চাও’ এবং ‘দুর্যোগের পরে শহর ও গ্রামের চিত্র’। নিজেদের কল্পনা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার মাধ্যমে তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা এবং দুর্যোগের পরের পরিস্থিতির বিভিন্ন দিক চিত্রের মাধ্যমে তুলে ধরে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। এর বিরূপ প্রভাব পড়ছে উপকূলীয় এলাকা, পরিবেশ এবং মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবিকা সুরক্ষায় জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
তারা পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এনগেজ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ও শিক্ষক ফণীন্দ্রনাথ আউলিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমান।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান ও মোহাম্মদ জাকির হোসেন, সামসের সমন্বয়কারী রাম প্রসাদ মুন্ডা, কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানী, মোহাম্মদ আল-আমিন হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসআর