[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয়ে বেহাল সড়কে জলাবদ্ধতা: দুর্ভোগে অর্ধলাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৯ এএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার থেকে দড়িকান্দী

 পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘ ৬ বছর ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বৃষ্টি হলেই এসব গর্তে হাঁটুপানি জমে তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতা, যা নিষ্কাসনের কোনো ব্যবস্থা নেই। বিকল্প কোনো পথ না থাকায় প্রতিদিন সোনারগাঁয়ের সনমান্দী, সাদিপুর, বারদী ও জামপুর—এই চার ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে চরম ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়েই যাতায়াত করতে হচ্ছে।

​সড়কটির আশপাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, দুটি কমিউনিটি ক্লিনিক ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু বেহাল দশার কারণে অ্যাম্বুলেন্স, অটোরিকশা, লেগুনা ও ট্রাকসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। গত শনিবার সরেজমিনে নাজিরপুর অংশে দেখা যায়, জমে থাকা বৃষ্টির পানিতে ইঞ্জিনে পানি ঢুকে একাধিক সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে গেছে। চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়ে ঠেলে ঠেলে যানবাহন গর্ত থেকে তুলছেন। স্থানীয় চালক ও ব্যবসায়ীদের মতে, প্রতিদিন গাড়ি বিকল হয়ে মেরামতের পেছনেই সিংহভাগ আয় চলে যাচ্ছে, আবার বড় গাড়ি চলাচলের সময় কাদা ছিটকে আশপাশের দোকানে উঠে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে।

​এ বিষয়ে সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক জানান, চার ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা সদরে আসার এটিই একমাত্র প্রধান সড়ক হলেও বর্তমানে তা চলাচলের অযোগ্য। উপজেলা প্রকৌশলী সোহেল রানা জানান, সড়কটির সংস্কারের জন্য গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কর্মসূচির (GOBM) আওতায় প্রাক্কলন তৈরি করে নারায়ণগঞ্জ এলআরডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

এসআর

সম্পর্কিত খবর