ফরিদপুর সদরের কানাইপুর থেকে বোয়ালমারীর ময়েনদিয়া বাজারে যাতায়াতের প্রধান সড়কের চতর খালিশপুর খালের ওপরের ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ব্রিজটির এক পাশের মাটি ধসে গিয়ে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনা এড়াতে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনীও দেওয়া হয়নি। ঝুঁকি থাকা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন চিতার বাজার থেকে কানাইপুরমুখী হাজারো মানুষ মাহিন্দ্রায় করে এই ব্রিজ দিয়ে চলাচল করছেন।
এলাকাটি পাট উৎপাদন ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন ২০০টিরও বেশি পাটবোঝাই ট্রাক ব্রিজটি দিয়ে পারাপার হয়।
ভারী যানবাহনের নিয়মিত চলাচলে ঝুঁকিপূর্ণ ব্রিজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চিতার বাজারের এক ব্যবসায়ী বলেন, এটি এলাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন এই পথ ব্যবহার করে।
বিশেষ করে রাতে ব্রিজের ভাঙা অংশ ও গর্ত ঠিকমতো দেখা যায় না। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় দুর্ঘটনার আশঙ্কা দূর করতে দ্রুত ব্রিজটির সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এসআর