[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

হাওড়ের বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক উদ্ধার ও পুনঃস্থাপন

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫:৪৬ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওড়ের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে সরিয়ে নেওয়া

 ২ হাজার ৬৪৪টি সিসি ব্লক উদ্ধার ও নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হয়েছে। গত ১৮ আগস্ট উত্তর বরান্তর বাজারের কাছে বাঁধের ২৫০ মিটার অংশ থেকে স্থানীয় কিছু লোক নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য এসব ব্লক খুলে নিয়ে যায়। পরবর্তীতে ২৩ আগস্ট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিডির পর পুলিশ, উপজেলা প্রশাসন ও পাউবোর যৌথ অভিযান এবং স্থানীয়দের সহায়তায় ব্লকগুলো ফেরত আনা হয়। প্রশাসন ও পাউবো কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে বাঁধের আইনি ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরলে বাসিন্দারা নিজেদের ভুল বুঝতে পেরে নিজস্ব নৌকায় ব্লকগুলো ফেরত দেন।

পাউবোর নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, উদ্ধার করা ব্লকগুলো ইতোমধ্যে আগের স্থানে বসানো হচ্ছে এবং পানি কমলে সিমেন্ট দিয়ে শক্তভাবে গেঁথে দেওয়া হবে। জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, সাময়িক সুবিধার জন্য বাঁধের ক্ষতি করা ঝুঁকিপূর্ণ হলেও ভুল বুঝতে পেরে ব্লক ফেরত দেওয়াটা ইতিবাচক দৃষ্টান্ত।

২০১৬-১৭ অর্থবছরে ৩৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬১ কিলোমিটার দীর্ঘ এই চরহাইজদা বাঁধটি ডিঙ্গাপোতা হাওড়ের সাড়ে ৬ হাজার হেক্টর জমিসহ পার্শ্ববর্তী খালিয়াজুরি উপজেলার বোরো ফসল রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হারিয়ে যাওয়া সব ব্লক ফেরত আসায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর