[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে ৪০ দিনে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন হাসপাতালে ভর্তি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৫ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত প্রায় ৪০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরের ৯ তারিখ পর্যন্ত ভর্তি হয়েছেন আরও ১৩ জন। এর আগে জুলাই মাসে ভর্তি হয়েছিলেন একজন। সব মিলিয়ে এ পর্যন্ত ২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। তারা শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে কয়েকজন রোগী হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। সেখানে চারটি বেড রয়েছে। তবে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় অনেককে ডেঙ্গু কর্নারের বাইরে অন্য কক্ষেও রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

 

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হচ্ছে না। আক্রান্ত রোগীদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি শ্যামনগরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ফলে উপজেলায় ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

 

ডা. জিয়াউর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়ি ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর