বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাড়ির গেটসংলগ্ন এলাকায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, বাসার গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়। আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এসআর