চাঁদপুরের কচুয়ার রহিমানগর উচ্চ বিদ্যালয় মাঠে তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রহিমানগর বাজারে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠ পরিদর্শনের সময় মাঠের চিত্রটি স্থানীয়দের নজরে আসে। বিশাল মাঠটিতে তখন মাত্র কয়েকজন ছোট শিশু ফুটবল খেলছিল। তরুণদের তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, একসময় বিকেল হলেই মাঠটি ফুটবল ও ক্রিকেট খেলায় ব্যস্ত হয়ে উঠত। তরুণদের খেলাধুলা, আড্ডা ও প্রাণচাঞ্চল্যে মুখর থাকত পুরো এলাকা। বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে।
অনেক তরুণের অবসর সময় এখন স্মার্টফোন, অনলাইন গেমিং ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক হয়ে পড়ছে। ফলে মাঠে গিয়ে শারীরিক খেলাধুলা ও সরাসরি সামাজিক যোগাযোগের সুযোগ কমে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এর মাধ্যমে তরুণদের মধ্যে দলগতভাবে কাজ করা, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলাবোধ তৈরি হয়। একই সঙ্গে এটি তাদের সুস্থ বিনোদনের সুযোগও তৈরি করে।
এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে শনিবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম। সেখানে তিনি বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনা জরুরি। তরুণদের সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে খেলাধুলার গুরুত্বও তুলে ধরেন তিনি।
স্থানীয়দের মতে, তরুণদের মাঠমুখী করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নিরাপদ ও আকর্ষণীয় খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তাদের আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে অনেক খেলার মাঠ থাকলেও সেখানে তরুণদের স্বাভাবিক উপস্থিতি কমে যেতে পারে।,
এসআর