দেশে তেল সংকটের কথা বলার পাশাপাশি হাজার হাজার লিটার জ্বালানি ব্যয় করে বিরোধী জোটের লংমার্চ আয়োজন কতটা যৌক্তিক—এমন প্রশ্ন তুলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দেশে তেল ও গ্যাসের সংকট রয়েছে বলে একদিকে দাবি করা হচ্ছে। আবার অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে দীর্ঘপথের কর্মসূচি পালন করা হচ্ছে। এত বিপুলসংখ্যক যানবাহন পরিচালনায় জ্বালানি প্রয়োজন উল্লেখ করে তিনি এ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় না করে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলোর সংসদে গিয়ে নিজেদের দাবি তুলে ধরা উচিত। সংসদে আলোচনা, মতবিনিময় ও যুক্তিতর্কের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পানিতে ডুবে শিশুদের মৃত্যুর ঝুঁকি কমাতে ছোটবেলা থেকেই তাদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বোদা থানার ওসি সোয়েল রানাসহ সাঁতার প্রশিক্ষণার্থী, অভিভাবক ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর