[email protected] সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩

ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই দিন শহীদ জিয়াউর রহমান হলে দুই শিক্ষার্থীর মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি তদন্তে উপাচার্যের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।


জানা গেছে, শনিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান হলের শিবির সেক্রেটারি কাজী জুহায়েরকে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনুর রহমান থাপ্পড় মারেন—এমন অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে স্থানীয় বিএনপি ও জামায়াতের কিছু নেতাকর্মীও জড়িয়ে পড়েন।


সংঘর্ষের সময় কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসবের মধ্যে রামদা, ছুরি, চাপাতি, জিআই পাইপ ও গাছের ডাল ছিল বলে জানা গেছে।


পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর