সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৬২) নামে এক খামারি মারা গেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের আরশাদ আলী গাজীর বড় ছেলে।
নিহতের ছোট ভাই ও বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, সকালে নিজের মুরগির খামারে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাজ্জাক। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন।
তার মৃত্যুতে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা, মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এসআর