অন্য একটি দুর্ঘটনার উদ্ধারকাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন
হাইওয়ে পুলিশের এক সদস্য।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের পিকআপ ভ্যানের ওপর ধান ছাটাইয়ের তুষবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পারভেজ মিয়ার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায় এবং তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার সংবাদ পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল পিকআপ ভ্যান নিয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। কুলিয়ারচরের দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছানোর পর পুলিশের পিকআপটির চাকার হাওয়া কমে গেলে চালক সেটিকে সড়কের পাশে দাঁড় করান।
ঠিক সে সময় পেছন দিক থেকে আসা একটি ধানের তুষবোঝাই দ্রুতগতির ট্রাক সামনে থাকা অপর একটি অটোরিকশাকে পথ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির ওপর সজোড়ে উল্টে পড়ে। পিকআপের ভেতরে বসে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাক ও তুষের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
উদ্ধারকাজ ও আইনি প্রক্রিয়া
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর গাড়ির নিচে চাপা পড়ে থাকা পারভেজের নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং উদ্ধার অভিযান শেষে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে
এসআর