চাঁদপুরের কচুয়ায় উর্বর ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ভেকু দিয়ে
মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসী। ২ আগস্ট সকালে কচুয়া পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিল এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক ও সচেতন স্থানীয়দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে তাদের উর্বর কৃষি জমি চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে। একের পর এক জমি কেটে ফেলায় বিস্তীর্ণ বিল এখন বিশাল বিশাল গর্তে পরিণত হয়েছে। এতে সাধারণ কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ এই কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে ড্রেজার ও ভেকু মালিকরা অত্যন্ত বেপরোয়া আচরণ করে। তারা প্রকাশ্যে দাবি করে যে স্থানীয় এসিল্যান্ড, ভূমি অফিস ও ইউএনও প্রশাসনকে নাকি তারা 'কিনে নিয়েছে'। প্রশাসনের এমন ভয় দেখিয়ে ও জিম্মি করে সাধারণ কৃষকদের কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। পরবর্তীতে সেই জমিগুলো থেকে অপরিকল্পিতভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করছে ভূখাদক চক্রটি।
বক্তারা আরও উল্লেখ করেন, ৫ আগস্টের আগে থেকেই এ এলাকায় নিয়মিত মাটি কাটা চলছিল। দিন-রাত ড্রেজার চলার কারণে একপর্যায়ে এসিল্যান্ড অফিসের হস্তক্ষেপে তা সাময়িকভাবে বন্ধ হলেও, কিছুদিন যেতে না যেতেই আবারও দাপটের সঙ্গে কাজ শুরু করেছে চক্রটি।
প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ও কৃষকেরা ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের অবৈধ ড্রেজার ও মাটি কাটা বন্ধের আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উর্বর কৃষি জমি রক্ষায় অবিলম্বে অবৈধ ড্রেজার ও ভেকু মেশিন চিরতরে বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা।
এসআর