[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

কালুখালীতে প্যানেল চেয়ারম্যানের পদ শূন্য: চরম ভোগান্তিতে মদাপুরবাসী

রাজবাড়ী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৬ ৬:০১ পিএম

সংগৃহীত ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদে তিন সপ্তাহ ধরে কোনো

 চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যান না থাকায় চরম নাগরিক ভোগান্তির সৃষ্টি হয়েছে। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা নিতে এসে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়াও নির্ধারিত সময়ে পরিষদ না খোলার অভিযোগ উঠে এসেছে।

​সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে পরিষদের কার্যক্রম শুরু হওয়ার নিয়ম থাকলেও সকাল ১০টা বেজে গেলেও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এরকম ঘটনা প্রায়ই দেখা যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে মদাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়।

​গত ১২ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদনকুমারকে বরখাস্তের আদেশ কার্যকর হওয়ার ২২ দিন পেরিয়ে গেলেও মদাপুর ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত কাউকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।

​এ বিষয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ জানান, পরিষদে নতুন প্যানেল চেয়ারম্যান নিয়োগ বা কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি।

​পরিষদে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে পরিষদে চেয়ারম্যান না থাকায় তারা জন্মনিবন্ধন সংশোধন, ওয়ারিশ কায়েম সনদ ও নাগরিকত্ব সনদসহ অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিনিয়ত পরিষদে এসে ঘুরে যেতে হচ্ছে।

​এলাকাবাসীর দাবি, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত মদাপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পুনরুদ্ধার করা প্রয়োজন।

এসআর

সম্পর্কিত খবর