রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; এটি হবে একটি পেশাদার, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে নবীন কর্মকর্তাদের দক্ষতা অর্জনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর প্রশিক্ষণ সম্পন্ন করা নবীন কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে চেইন অব কমান্ড অনুসরণ করে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি, অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি, আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি. এম. আজিজুর রহমান।
কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি 'বেস্ট প্রবেশনার' ও 'বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ'—এই দুই বিভাগে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এ ছাড়া 'বেস্ট একাডেমিক' পুরস্কার পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং 'বেস্ট শ্যুটার' নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ. বি. এম. মামুন।
এসআর