[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৯:৪৭ পিএম

সংগৃহীত ফাইল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে দুই ভাইকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


রোববার (২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বাসিন্দা দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)-এর বিরুদ্ধে এ রায় দেন।


স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের পাঁচ সন্তানের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তারা প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য মা পারভীন আক্তার নানা চেষ্টা করলেও তা সফল হয়নি।


অভিযোগ রয়েছে, সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন। রোববার সকালে তারা মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন ভুক্তভোগী মা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদক সেবনের অপরাধে দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


এর আগে গত শুক্রবার একই উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামেও মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক বাবা নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের নির্দেশে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর