[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

রংপুরে সেপ্টেম্বরেই চালু হচ্ছে ১০০ শয্যার শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৬ ১১:১৬ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু

 হাসপাতাল। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ হাসপাতালের আউটডোর, ইনডোর ভবন, প্রধান ফটক ও অক্সিজেন প্লান্ট পরিদর্শন করে চালুর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী রংপুরসহ সারাদেশে নির্মিত শিশু হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে তিনি জানান।

​পরিদর্শন শেষে স্বাস্থ্য কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত সচিব আরিফ আহমদ বলেন, শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়সহ জনবল নিয়োগের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাকাটার জন্য ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং চলতি মাসের মধ্যেই সব সরঞ্জাম চলে আসবে। এছাড়া আসবাবপত্রের টেন্ডার সম্পন্নের পর স্যাম্পল যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

​পরবর্তীতে অতিরিক্ত সচিব রংপুর মা ও শিশু হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শনে যান। এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. ওয়াজেদ আলী ও সিভিল সার্জন শাহীন সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, ২০১৭ সালের ২১ নভেম্বর রংপুর সাবেক সদর হাসপাতালের ১.৭৮ একর জমিতে ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয়ে ১০০ শয্যার এই শিশু হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ ও মেসার্স অনিক ট্রেডিং করপোরেশন নির্ধারিত সময়ের আড়াই মাস আগেই কাজ সম্পন্ন করে ২০২০ সালের ৮ মার্চ ভবনটি সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে। করোনাকালে ভবনটি আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হলেও এতদিন পুরো হাসপাতাল চালু হয়নি।

​তিন তলা বিশিষ্ট এই আধুনিক ভবনের প্রথম তলায় ইমার্জেন্সি, আউটডোর ও ল্যাব; দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট এবং তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন রয়েছে। আধুনিক হাসপাতালটি চালু হলে অঞ্চলের শিশুরা স্বল্পমূল্যে বিশেষায়িত চিকিৎসা সুবিধা পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এসআর

সম্পর্কিত খবর