[email protected] সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

রথযাত্রায় রাধা-কৃষ্ণ সেজে নজর কাড়লেন এনি ও পূর্বা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৬:২০ পিএম

সংগৃহীত ছবি

বন্দরনগরী চট্টগ্রামে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে রাধা-কৃষ্ণের চিরন্তন প্রেম ও

 ভক্তির প্রতীকী রূপ ধারণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দুই তরুণ-তরুণী। শাস্ত্রীয় অলংকার, নান্দনিক সাজসজ্জা এবং আধ্যাত্মিক অভিব্যক্তির সমন্বয়ে তাঁদের এই পরিবেশনা উৎসবের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। পরবর্তীতে উৎসবের এই সুন্দর মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে।

​চট্টগ্রামের প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরে 'হিন্দু কমিউনিটি ফ্রেন্ডস'-এর উদ্যোগে আয়োজিত রথযাত্রা মহোৎসবে কৃষ্ণের সাজে অংশ নেন বৃষ্টি রাই এনি এবং রাধারূপে উপস্থিত হন পূর্বা বৈদ্য। তাঁদের ভক্তিময় ও প্রাণবন্ত উপস্থাপনা উৎসব প্রাঙ্গণে উপস্থিত হাজারো দর্শনার্থীর দৃষ্টি কাড়ে। উৎসবের আবহকে আরও স্মরণীয় করে রাখতে অনেকেই তাঁদের সঙ্গে ছবি তোলেন।

​এই অনন্য রূপসজ্জার নেপথ্যে ছিলেন চট্টগ্রামের মেকআপ শিল্পী মৌ ধর। তাঁর দক্ষ মেকআপ, ঐতিহ্যবাহী পোশাক, ময়ূরপঙ্খী মুকুট, চন্দনের অলংকরণ এবং নিখুঁত উপস্থাপনায় রাধা-কৃষ্ণের পৌরাণিক অবয়ব যেন জীবন্ত হয়ে ওঠে। মেকআপ শিল্পী মৌ ধর তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, মেকআপ তাঁর কাছে শুধু একটি পেশা নয়, বরং ভালোবাসা ও শিল্পচর্চার জায়গা। ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে এমন একটি কাজ করতে পেরে এবং মানুষের ভালোবাসা পেয়ে তিনি আনন্দিত। ভবিষ্যতেও শিল্পের মাধ্যমে সনাতন ঐতিহ্যকে আরও সুন্দরভাবে তুলে ধরার ইচ্ছার কথা জানান তিনি।

​সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসামূলক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন যে, এই উপস্থাপনা শুধু নান্দনিকই নয়, বরং সনাতন ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ভক্তির সৌন্দর্যকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরেছে। কেউ কেউ একে বৃন্দাবনের চিরন্তন প্রেমলীলার জীবন্ত প্রতিচ্ছবি হিসেবেও আখ্যায়িত করেছেন। ভক্ত ও দর্শনার্থীদের মতে, এমন সৃজনশীল আয়োজন ধর্মীয় উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সনাতন ঐতিহ্য ও সংস্কৃতিকে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসআর

সম্পর্কিত খবর