[email protected] সোমবার, ২০ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩

টেকনাফে অপহরণ চক্রের মূল অভিযুক্তসহ দুইজন র‍্যাবের হাতে আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৩:৫২ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

 এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

 

র‍্যাব জানায়, শুক্রবার (১৮ জুলাই) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

শনিবার (১৯ জুলাই) দুপুরে র‍্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ এ তথ্য জানান।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি মো. রাসেল এবং তার সহযোগী আরমান।

 

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ২৩ জুন একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে এবং তাদের পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। পরে ৩০ জুন র‍্যাবের বিশেষ অভিযানে পাহাড়ি এলাকা থেকে চার অপহৃত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়।

 

ঘটনার পর টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত, গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ও তার সহযোগীকে আটক করা হয়।

 

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর