কিশোরগঞ্জের কটিয়াদীর বিশিষ্ট চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও সমাজসেবক হাবিবুর রহমান বর্ণালীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ (১৮ জুলাই)।
হাবিবুর রহমান বর্ণালী ২০১৭ সালের ১৮ জুলাই মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ জুলাই নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরপর থেকে প্রতি বছর এ দিনটি তাঁর স্মরণে পালন করা হচ্ছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীতে ডিজাইনার হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে নিজ এলাকায় ফিরে শিক্ষা, শিল্পচর্চা এবং সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত করেন।
নিজ উদ্যোগে তিনি ‘বর্ণালী আর্ট অ্যান্ড ডিজিটাল সাইন’ এবং ‘বর্ণালী মডেল শিশু নিকেতন’ প্রতিষ্ঠা করেন। এছাড়া কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন সক্রিয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সুশাসন, নাগরিক সচেতনতা এবং সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন।
মৃত্যুর দীর্ঘ সময় পরও তাঁর শিল্পকর্ম, শিক্ষাদর্শ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড কটিয়াদীর মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছে। স্থানীয়দের মতে, তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এসআর