[email protected] রবিবার, ১৯ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

টেকনাফে পাহাড়ে গিয়ে নিখোঁজ শিশু, পরিবারের দাবি—মুক্তিপণ চেয়ে ২০ লাখ টাকা দাবি

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পাহাড়ে মহিষ আনতে গিয়ে মো. আরফাত নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

পরিবারের অভিযোগ, অপহরণের পর অজ্ঞাত ব্যক্তি ফোন করে শিশুটিকে মুক্ত করার জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

 

শুক্রবার (১৭ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে শামলাপুর পুরানপাড়া পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজ আরফাত স্থানীয় বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে।

 

আরফাতের বাবা আব্দুল মাবুদ জানান, শুক্রবার বিকেলে মহিষ আনতে পাহাড়ের দিকে যাওয়ার পর থেকে তার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, আরফাত তাদের হেফাজতে রয়েছে। তাকে জীবিত ফেরত চাইলে ২০ লাখ টাকা দিতে হবে বলেও দাবি করা হয়।

 

ঘটনার পর থেকেই শিশুটির পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা দ্রুত শিশুটিকে নিরাপদে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, একটি শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ জেনেছে এবং উদ্ধারে অভিযান চলছে। তবে মুক্তিপণের দাবির বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো পুলিশের কাছে জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

 

জেলা পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত প্রায় দেড় বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকেই মুক্তিপণ দিয়ে ফিরে এলেও, কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এসব ঘটনায় এলাকায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

এসআর

সম্পর্কিত খবর