‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বারী, জেলা বিএনপির সদস্য সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, জেলা বিএনপির সদস্য আশেক ই এলাহী মুন্না এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারভীন ঝর্ণাসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের বিষয় নয়; এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হয়। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।
এসআর