[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ৬:০১ পিএম

সংগৃহীত ছবি

অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য সাদাপাথর সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধের পাশাপাশি পর্যটন কেন্দ্রটিতে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

 

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আকস্মিক পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সাদাপাথর এলাকার বিভিন্ন অবকাঠামো ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে চলে গেছে। ফলে পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান অবস্থায় সেখানে যাতায়াত করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে

 

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাদাপাথরের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে। এ পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।

 

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথর ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। পানি নেমে গেলে এবং পরিবেশ নিরাপদ হলে পুনরায় পর্যটকদের জন্য কেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে আপাতত কেউ যেন সাদাপাথর এলাকায় ভ্রমণে না যান।

এসআর

সম্পর্কিত খবর